প্রেস বিজ্ঞপ্তি: স্কটিশ পার্লামেন্টে ৩০ নভেম্বর ২০২২ স্কটিশ পার্লামেন্টের ৪নং কমিটি রুমে বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী বংশোদ্ভুত স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ভিডিও লিংকের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। অনুষ্ঠানে ‘বাংলাদেশ: জার্নি টুওয়ার্ড গোল্ডেন বেঙ্গল’ শীর্ষক এক আলোচনা পেশ করেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। উক্ত আলোচনায় বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, টুরিজম, জলবায়ু পরিবর্তনগত অভিযোজন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার নানা দিক ওঠে আসে।

এজিএম পর্বে ক্রস পার্টি গ্রুপের কনভেনর হিসাবে নিযুক্ত হন লোদিয়ান এমএসপি ফয়ছল হোসেন চৌধুরী, ভাইস কনভেনর মাইলস ব্রিগ এমএসপি এবং গ্রুপের সেক্রেটারিয়েট হিসাবে মনোনীত হন বাংলাদেশের হাইকমিশন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কটিশ পার্লামেন্টের সর্বপ্রথম মুসলিম নারী এমএসপি কাওকাব স্টুয়ার্ট এবং লোদিয়ান এমএসপি সারাহ বয়েক, বাংলাদেশী বংশোদ্ভুত আবারডিন সিটি কাউন্সিলের কাউন্সিলর নুরুল হক আলী, ফাইফ কাউন্সিলের কাউন্সিলার নাজ আনিস মিয়া, চ্যারিটি ইন্টারন্যাশন্যালের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোজাম্মেল হক, ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই জেপি, সলিসিটর জেলিনা বারলো রহমান, আলাদিন আলী, বাংলাদেশ এসোসিয়েশন গ্লাসগোর জেনারেল সেক্রেটারী রিজাউল কামাল, বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহনুর চৌধুরী এবং কমিউনিটি নেতা আছদ্দর আলী প্রমুখ। বাংলাদেশ সংক্রান্ত ক্রস পার্টি গ্রুপ চালু হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান আগত অতিথিবৃন্দ।

স্কটিশ সরকারের ইন্টারন্যাশন্যাল ডেভলাপমেন্ট ফান্ডিং কর্মসূচীর অধীনে বাংলাদেশের শিক্ষা ও সামাজিক উন্নয়ন ক্ষেত্রে কর্মসুচী গ্রহণের জন্য তারা আহবান জানান। সবাই মনে করেন এই গ্রুপ বাংলাদেশের সাথে স্কটল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভুমিকা পালন করবে।

এমএসপি ফয়ছল চৌধুরী এমবিই বলেন, আগতদের পরামর্শ এবং মতামতের উপর ভিত্তি করে ক্রস পার্টি গ্রুপের উদ্যোগে অচিরেই দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গৃহীত হবে। আয়োজকদের পক্ষ থেকে সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়।