প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়ের লেখা ‘প্রবাসী ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যায় ‘দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরামে’র ১০০০তম সংখ্যারপূর্তি উদযাপনে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। চলতি বছর অমর একুশের বই মেলায় পরিবার পাবলিকেশন থেকে বইটি প্রকাশ করা হয়। উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাসারের সভাপতিত্বে ও তরুণ লেখক মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, লেখক ও কবি ডা. পীযুষ কান্তি বড়ুয়া, দৈনিক যুগান্তর চাঁদপুর প্রতিনিধি মীর্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, আরটিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, যমুনা টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি কাদের পলাশ, প্রবাসী সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ বলেন, চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম আলোকিত মানুষ গড়ার কারখানা। গল্প, কবিতা, ফিচার দিয়ে একটি পত্রিকা সাপ্তাহিক প্রকাশনার মাধ্যমে ১০০০তম সংখ্যা প্রকাশ করা সত্যি কঠিন ব্যাপার। পত্রিকাটির এ ধরনের প্রকাশনা আরও বহুকাল অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি সুন্দর এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
তিনি দেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে আরও বলেন, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব অভূতপূর্ব উন্নয়ন করেছেন তা ধরে রাখতে আমাদের মেধা সম্পন্ন মানুষ হতে হবে। সেজন্যে প্রয়োজন সু-শিক্ষার। তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি সাহিত্য চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

পরে চাঁদপুর কণ্ঠ আয়োজিত ১০০০তম সংখ্যার পূর্তি উদযাপনের কেক কাটা হয় এবং সৌদি প্রবাসী সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় ও ইতালি প্রবাসী সাংবাদিক জমির হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর কণ্ঠের সিনিয়র সাংবাদিক মাওলানা আব্দুর রহমান গাজী ও গীতা থেকে পাঠ করেন চাঁদপুর কণ্ঠের প্রধান প্রতিবেদক বিমল চৌধুরী। পাঠক ফোরামের প্রতি প্রত্যাশা নিয়ে আলোচনা করেন পাঠক ফোরামের সাবেক বিভাগীয় সম্পাদক মিজানুর রহমান রানা।
অনুষ্ঠানে প্রাণের চাঁদপুর ফিচার প্রতিযোগিতায় নির্বাচিত লেখকরা হলেন, প্রণব মজুমদার, মাহমুদ হাসান খান, খান-ই আজম, উজ্জ্বল হোসাইন, জান্নাতুল নাঈম, মানিক দাস, সাঈদা আক্তার, পলাশ দে, ইয়াছিন দেওয়ান, মোখলেছুর রহমান ভূঁইয়া ও সৌরভ সালেকীন। উপস্থিত ও তাদের পক্ষে স্বজনরা অতিথিদের হাত থেকে ক্রেস্ট, উপহার ও প্রশংসাপত্র গ্রহণ করেন।