ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব রবিবার (২১ জুন) সকাল থেকে সারাদেশে করোনা ভাইরাসের প্রেক্ষিতে জারি কৃত লকডাউন এবং কারফিউ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। যা শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ সম্পর্কিত সংবাদটি প্রকাশ করে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট এবং আরব নিউজ।
খবরে বলা হয়, মক্কা মুকাররমা ও বন্দর নগরী জেদ্দা সহ সারাদেশে কারফিউ প্রত্যাহার করা হবে ২১ জুন রবিবার সকাল থেকে । উল্লেখ্য, পূর্ব ঘোষিত নির্দেশ মোতাবেক মক্কা ২৪ ঘন্টা কারফিউ এর আওতায় ছিল এবং জেদ্দায় সকাল ৬ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কারফিউর আওতামুক্ত ছিল। ২১ জুন থেকে মক্কা এবং জেদ্দায় কারফিউ প্রত্যাহার করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমকে এই শর্তে পরিচালিত হতে দেওয়া হবে যে, স্বাস্থ্য সচেতনতা এবং সাবধানতা অবলম্বন তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত যাবতীয় বিধি নিষেধ কঠোরভাবে মেনে চলতে হবে। এদিকে পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ও জানিয়েছে, পুরুষদের সেলুন এবং মহিলাদের বিউটি পার্লার গুলোকেও রবিবার থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত ওমরাহ এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত থাকবে এবং স্থল ও সমুদ্রসীমাও বন্ধ থাকবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আরও গুরুত্বারোপ করেন যে, সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে এবং ৫০ জনের বেশি লোকের জমায়েত হওয়া থেকে বিরত থাকতে হবে । বাহিরে থাকাকালীন সবাইকে সার্বক্ষনিক ফেস মাস্ক পড়তে হবে।
প্রতিরোধমূলক যে কোনও পদক্ষেপ অমান্য করলে করলে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সতর্ক করেছেন। মন্ত্রণালয় আরও জানান, করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা গ্রহণের জন্য স্থানীয় এবং প্রবাসী নাগরিকদের “তাবাউদ” এবং “তাওয়াক্কালনা ‘ অ্যাপস ডাউনলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ দিকে করোনা ভাইরাসে দেশটিতে আজকে নতুন করে ৩,৯৪১ আক্রান্ত হয়েছেন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫৪,২৩৩ জন। আজকের মৃত্যুর সংখ্যা ৪৬ জন, সর্বমোট মৃত্যুর সংখ্যা ১,২৩০ জন। আজকের সুস্থ হয়ে ফিরেছেন ৩,১৫৩ জন, সর্বমোট সুস্থ হয়ে ফিরেছেন ৯৮,৯১৭ জন।