প্রবাস মেলা ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আইটি হেল্পডেস্ক প্রকাশিত হজের ২৮তম দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার এ বুলেটিন প্রকাশ করা হয়।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৩ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৫টি ফ্লাইটে গেছেন ২৯ হাজার ৭০৪ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে পৌঁছেছেন ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন।
এদিকে, হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে হজ বুলেটিন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। গত ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
অন্যদিকে, হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। প্রথম ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবেন এবং শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।