মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব: ১১ আগস্ট রিয়াদের আরকান স্পোর্টস ফ্যাসিলিটিতে মরুভূমির টাইগার খ্যাত গ্রীণ বাংলা ক্রিকেট টিমের আয়োজনে দিনব্যাপি স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছুটির দিনের অলস সময়কে উপভোগের লক্ষ্যে দুপুর থেকেই আরকান স্পোর্টস ফ্যাসিলিটি বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়। ফেস্টিভালে মোট ১৮টি ক্রিকেট টিম, ১৮টি ফুটবল এবং ১৮টি ব্যাডমিন্টন টিম অংশ নেয়। এছাড়াও ফেস্টিভাল উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশী পুরুষ ও মহিলাদের নিয়ে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় হাঁড়িভাঙ্গা এবং ছোট শিশুদের যান্ত্রিকতা থেকে দূরে সরানোর মশাল হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউর পে সাউথ এশিয়ান টিম প্রধান আব্দুল্লাহ, মানিগ্রামের অভিবাসী কমিউনিটির প্রধান শাহরিয়ার, মানিগ্রামের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা মাসুদ, ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্পন্সর সানসিটি মেডিকেলের ব্যাবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
এতে ‘ফুড হাউজ ক্রিকেট টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন হয় বাংলার টাইগার ক্রিকেট ক্লাব ও রানার্সাপ হয় বাতহা স্পোটিং ক্লাব। ‘প্রাণ ফুড ফুটবল টুর্নামেন্টের’ চ্যাম্পিয়ন হয় শেখ ভয়েস ক্লাব এবং রানার্সআপ হয় জুনিয়র লিজেন্ডস ফুটবল ক্লাব। ‘সানসিটি মেডিকেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের’ চ্যাম্পিয়ন হয় বাংলা স্পোটিং ক্লাব এবং রানার্সআপ হয় সান স্কাই ক্লাব।
ফেস্টিভালের শেষভাগে গ্রীণ বাংলার টিম ম্যানেজার আল আমিন খান ও মিডিয়া ম্যানেজার ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুঠিত হয়।
অতিথিদের বক্তব্যে বৈধ পন্থায় দেশে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান। দেশের ভাবমূর্তি রক্ষায় ও অনৈতিক জীবন-যাপন থেকে বেঁচে থাকার জন্যে খেলাধুলার বিকল্প নেই বলে জানান। এছাড়াও চমকপ্রদ আয়োজনে সব সময় গ্রীণ বাংলার পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন অতিথিরা। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান- এই নিয়ে এটি আমাদের ২য় আয়োজন। সকলের সহায়তা পেলে প্রতি বছর এমন আয়োজনের অঙ্গিকার করেন। সহায়তা পেলে সৌদি আরবের ক্রিকেটকে শক্তিশালী করণে দেশ থেকে আসা প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে নানামুখী প্রশিক্ষণ দিয়ে সৌদি জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া।
দিনব্যাপি এই আয়োজনে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ। দিনের ২ টায় খেলা শুরু হয় পুরুষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।