প্রবাস মেলা ডেস্ক: লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্যের জেরে দেশটির রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে বের হয়ে যেতে বলেছে সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, শুধু রাষ্ট্রদূত বহিষ্কারই নয় লেবানন থেকে সকল ধরনের পণ্য আমদানিও নিষিদ্ধ করেছে সৌদি আরব।
ইয়েমেনে সৌদি জোটের সামরিক তৎপরতা নিয়ে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জেরের একদিন পরেই রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো সৌদি সরকার।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন সৌদি আরবে এমন সিদ্ধান্তে তিনি কষ্ট পেয়েছেন। তিনি আসা করেন সৌদি আরব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এদিকে রিয়াদ জানিয়েছে লেবাননের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসতে বলা হয়েছে।
আগস্টে রেকর্ড করা এবং এই সপ্তাহে প্রকাশিত একটি সাক্ষাতকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেন, ইয়েমেনে সৌদি জোটের সামরিক তৎপরতা এখনই বন্ধ করা উচিত।
সাত বছর ধরে সৌদি জোটের সামরিক বাহিনী ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। জর্জ কোরদাহি বলেন, এই যুদ্ধের কোন অর্থ নেই। তিনি আরও বলেন, হাউথিদের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে।
এদিকে লেবাবনের সরকার বলছে জর্জ কোরদাহির বক্তব্য একান্ত ব্যক্তিগত। এই বক্তব্যের সঙ্গে লেবানন সরকারের কোন সম্পর্ক নেই।
এদিকে প্রকাশিত বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, লেবানন কর্তৃপক্ষের ভুল পদক্ষেপের কারণে রিয়াদ ও বৈরুতের মধ্যে সম্পর্কের যে অবনতি হয়েছে তার জন্য সৌদি সরকার দুঃখিত। এদিকে সৌদির এমন ঘোষণার পর বাহরাইনও লেবাননের রাষ্টদূতকে বহিষ্কার করেছে।