প্রবাস মেলা ডেস্ক: ইয়েমেনের বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কাঠামো হিসেবে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট (এমএমডিএ) প্রতিষ্ঠা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জোটের ১৪টি দেশ বাব আল-মানদেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ-চলাচল নিরাপদ রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের পথ সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। এসব জলপথ ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি কৌশলগত সামুদ্রিক করিডর হিসেবে গুরুত্বপূর্ণ।
সৌদি আরব ছাড়া জোটের স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।
এদিকে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইরান সংকটের মূল কেন্দ্রে পরিণত হওয়ায় সৌদি আরব এই সামুদ্রিক সামরিক জোট গঠনের পদক্ষেপ নিয়েছে। বিশ্বব্যাপী তেল ও গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হয়ে থাকে। জলপথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি বাব আল-মানদেব, লোহিত সাগর ও এডেন উপসাগর রুটে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি যোদ্ধারা সৌদি আরবের জ্বালানিবাহী জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। তারা সৌদির তেলবাহী কয়েকটি জাহাজেও হামলা চালিয়েছে। সৌদি আরবও হুতিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে জোটে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কীভাবে যুক্ত হচ্ছে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি।