কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে আসন্ন ২০২০ সালের হজ কে সামনে রেখে সৌদি এবং বাংলাদেশের মধ্যে ২০২০ সালের হজের জন্য ১ ডিসেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। দুই দেশের মন্ত্রীপর্যায়ে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষর করা হবে। চুক্তির পর জানা যাবে ২০২০ সালে বাংলাদেশ থেকে মোট কতজন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।
হজ চুক্তি করতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল সৌদি আরব যাবেন। ওই দলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ধর্ম সচিব, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও কাউন্সিলর হজসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন বলে জানা গেছে।
হজ চুক্তি অনুষ্ঠানে সৌদি সরকারের পক্ষে থাকবেন সৌদি হজ মন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেন, সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চাঁদ দেখা সাপেক্ষে ২০২০ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১ আগস্ট। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে ২৫ জুন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের অনুকূলে হজ কোটা বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহবান জানানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার পাঁচ হাজার জনের কোটা বাড়াতে পারে সৌদি আরব।
উল্লেখ্য, হজ গমনের জন্য এখন প্রাক-নিবন্ধন সম্পন্ন করে অপেক্ষা করতে হয়। এই রিপোর্ট লেখার সময় অপেক্ষমান প্রাক-নিবন্ধিত হজ গমনেচ্ছুর সংখ্যা সরকারিভাবে ৪ হাজার ৩৭১ জন, আর বেসরকারি ভাবে ২ লাখ ২ হাজার ৮০৪ জন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধনের সার্ভার উন্মুক্ত থাকবে।