প্রবাস মেলা ডেস্ক: আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ১১ হাজার ৪৬৫ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ১ অক্টোবর ২০২৩, রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২১ থেকে ২৭ সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ অভিযানে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৪৬৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১৯৯ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের চেষ্টায় ২ হাজার ৮৮২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৩৮৪ জনকে আটক করা হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় আরও ৭১১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৫২ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। এ ছাড়া সৌদি আরবের সীমান্ত দিয়ে বের হওয়ার যাওয়ার সময় দেশটির নিরাপত্তা বাহিনী আরও ১৪ জনকে আটক করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসস্থান ও কাজের নিয়ম লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় সুবিধা দেয়ার সঙ্গে জড়িত সন্দেহে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।
খালিজ টাইমস জানিয়েছে, আইন লঙ্ঘনের অপরাধে বর্তমানে মোট ৪৩ হাজার ৭৭২ অবৈধ প্রবাসী আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ৩৬ হাজার ৪০৪ জন পুরুষ এবং ৭ হাজার ৩৬৮ জন নারী। এর মধ্যে ৩৮ হাজার ৩৭৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি পেতে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে রেফার করা হয়েছে।