কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবে হজ করতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের হারানো লাগেজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদিআরবের পবিত্র মক্কা ও মদিনা কিংবা জেদ্দা বিমানবন্দরে যেসব হাজি লাগেজ বা মালামাল হারিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছেন, তারা সেসব হারানো লাগেজ বা মালামাল ফেরত পেতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুসন্ধান করতে পারেন।
জেদ্দা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার ও শুক্রবার প্রায় ৪০ জন হাজির হারানো মালামাল দেশে ফেরত পাঠানো হয়েছে। জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা শুক্রবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কমপক্ষে ৪০ জন হাজির হারানো মালামাল দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ দিকে ফিরতি হজ ফ্লাইটে শনিবার পর্যন্ত ৯০ হাজার ২৬৪ জন বাংলাদেশি হজযাত্রী দেশে পৌঁছেছেন। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা মদিনা ও জেদ্দায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সর্বমোট ১১২ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।