কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সৌদিআরবে ২৩ মার্চ ২০২০, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২১ দিনের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ রবিবার এই কারফিউয়ের জারির আদেশ দেন।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজে বলা হয়েছে, প্রতিদিন সন্ধ্যা ৭টায় কারফিউ (সান্ধ্য আইন) শুরু হবে। চলবে সকাল ৬টা পর্যন্ত।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটিতে রবিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে। এর মধ্যে রবিবারই ১১৯ জন আক্রান্ত হন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মো: আল আবদেল আলী।
দেশটিতে শনিবার আক্রান্ত হন ৪৮ জন। ওই মুখপাত্র জানান, আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে মোট ১৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
এক সংবাদ সম্মেলনে আবদেল জনগণকে ঘরে থাকা এবং অন্যের সঙ্গে না মেশা ও বাইরে না বের হওয়ার আহ্বান জানান। তিনি জানান, কমিউনিটি যোগাযোগের মাধ্যমে আক্রান্ত হন ৪০ জন।