প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার ঢাকা সেনানিবাসে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর হাতে এ পদক তুলে দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নে মুক্তিযোদ্ধাদের অবদানের উচ্চ প্রশংসা করেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহস ও দেশের প্রতি নিষ্ঠাই আজকের আধুনিক সশস্ত্র বাহিনীর ভিত্তি তৈরি করেছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ চালান। ঐতিহাসিক এই দিনটির স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করে আসছে বাংলাদেশ।