নাজমুল ইসলাম মকবুল, সিলেট থেকে: সিলেট লেখক ফোরাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন অনুষ্ঠানের উদ্বোধক কবি প্রাবন্ধিক গল্পকার শব্দকথা ২৪ডটকম এর প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট জয়জিত আচার্য্য এবং বিশেষ অতিথি ইমরান হোসেন বাবুল সিলেট লেখক ফোরাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার জন্য আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সেলাই ও কম্পিউটারের আলাদা দুটি কক্ষ নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কবি সাইফুর রহমান কায়েসের অনুদান এক লক্ষ টাকা আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য দুটি কক্ষ নির্মাণ ব্যয়ে অন্তর্ভূক্ত করা হবে বলে ঘোষণা দেন ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল।
উল্লেখ্য, সিলেট লেখক ফোরামের উদ্যোগে বিশ্বনাথের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সিলেট লেখক ফোরাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কবি প্রাবন্ধিক গল্পকার শব্দকথা ২৪ডটকম এর প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জর্জকোর্টের এপিপি, ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ফাউন্ডার মেম্বার অ্যাডভোকেট জয়জিত আচার্য্য।
আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মো: আজম আলীর পরিচালনায় ৩ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার বিশ্বনাথের লালটেকস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউ,কের বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ইমরান হোসেন বাবুল, লোকসাহিত্য সংগ্রাহক, গল্পকার, কবি আবু সালেহ আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: তছির আলী মেম্বার, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: ফখর উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট লেখক ফোরাম বিগত ১৬ বছর যাবৎ সাহিত্য সংস্কৃতির অঙ্গণে ব্যাপক কাজ করার পাশাপাশি আর্থ-সামাজিক ও পরিবেশের উন্নয়নে রেখে আসছে ব্যাপক অবদান। শুধু দেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশেও পালন করে আসছে নানা কর্মসূচি। শুরু থেকেই ভিন্ন ধরণের এবং সম্পূর্ণ ব্যতিক্রম কর্মসূচি পালন করে দেশে-বিদেশে অর্জন করেছে সুনাম সুখ্যাতি। আন্তর্জাতিক পরিমন্ডলে এবং দেশের ঐতিহাসিক স্থানসমূহে সিলেট লেখক ফোরামের কার্যক্রম প্রশংসিত হয়েছে সর্বমহলে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গরিবদের ফ্রি প্রশিক্ষণের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও ফুডপ্যাক বিতরণ সাহিত্য সংগঠনের বেলায় ব্যতিক্রম ও প্রশংসনীয় কর্মসূচি। দেশের অন্যান্য সাহিত্য সংগঠনও সিলেট লেখক ফোরামের অনুকরণে এসব কাজে আরও ব্যাপকভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। ফোরাম নেতৃবৃন্দ বলেন, গতাণুগতিক কোন সাহিত্য সংগঠন নয় লেখক ফোরাম। যার প্রমাণ হলো দেশে-বিদেশে আমাদের বিগত ১৬ বছরের কার্যক্রম। তারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনায় ক্রমান্বয়ে আরও সেলাই মেশিন ও কম্পিউটার প্রদানের ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুটি সেলাই মেশিন প্রদান করায় এবং আরও এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করায় কবি সাইফুর রহমান কায়েস এবং দুটি কক্ষ নির্মাণ করে দেবার পদক্ষেপ নেয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট জয়জিত আচার্য্য এবং বিশেষ অতিথি ইমরান হোসেন বাবুলসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।