প্রবাস মেলা ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা আমাদের অনেক বড় সম্পদ। একদিকে তারা যেমন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখছেন তেমনি নানা সামাজিক, সাংস্কৃতিক উদ্যোগ নিয়েও জনগণকে সাহায্য-সহযোগিতা করছেন। তেমনি একজন ব্যক্তির নাম যুক্তরাজ্য প্রবাসী লাকী মিয়া। বিশিষ্ট এই প্রবাসীর উদ্যোগে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার নুরপুর গ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জে,কে ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে। ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার জে,কে উইলফেয়ার ট্রাস্ট এর অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শামিম আহমেদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম বরোর কাউন্সিলর (Barking and Dagenham London Borough Councilor) ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লাকী মিয়া।
এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও শীতার্ত প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, মোবারকপুর হাফিজিয়া লুতফিয়া মাদ্রাসার সভাপতি ফারুক মিয়া, ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হাই, শামছুল ইসলাম, শামীম মিয়া এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষের কষ্ট লাঘব হবে। বক্তারা দেশ ও প্রবাসের বিত্তবানদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।