প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা। বর্তমানে তিনি ইরানের প্রযুক্তিতে নির্মিত হলিউড ধাঁচের সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। সিনেমাটির অধিকাংশ শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। করোনার কারণে বাকিং অংশের শুটিং শেষ করা সম্ভব হয়নি। এবার আবারো শুরু হচ্ছের এর শুটিং। তাঁর ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আগামী ২৭ অক্টোবর তুরস্কে যাচ্ছেন। সেখানে সিনেমাটির শেষ ধাপের ২০ দিনের শুটিং হবে।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘করোনার কারণে ‘দিন-দ্য ডে’ সিনেমার শুটিং সম্পন্ন করতে পারিনি। কিছু সিকোয়েন্স ও তিনটি গানের শুটিং বাকি আছে। এগুলো শেষ করতে আমি যাচ্ছি।
সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে অনন্ত জলিলের সফরসঙ্গী হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা এবং কোরিওগ্রাফার হাবিব রহমান। তিনটি গানের কোরিওগ্রাফি করছেন হাবিব। অনন্তর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাবিব বলেন, ‘অনন্ত ভাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনার এই বিগ বাজেটের ছবিতে দেশের বাহির থেকে কোরিওগ্রাফার না নিয়ে আমাকে নির্বাচন করেছেন। উনি ইচ্ছে করলে বিশ্বের সবচেয়ে বড় কোরিওগ্রাফার নিয়ে কাজ করতে পারতেন কিন্তু তা না করে তিনি নিজের দেশের মেধাকে কাজে লাগাতে চেয়েছেন এবং নিজের দেশের মেধাকে মূল্যায়ন করেছেন। আমি চেষ্টা করব আমার সবোর্চ্চটি দেওয়ার জন্য। আশা করি আমাদের কাজটি দেখে সবাই পছন্দ করবেন। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর বিপরীতে অভিনয় করছেন বর্ষা। ২০১৮ সালে ঘোষণা দেওয়া ‘দিন-দ্য ডে’র গল্পে দেখানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের উপর অন্যায়ভাবে নির্যাতন, আদম পাচার, মাদকের উৎপাদন, আধিপত্য, চোরাচালানের গল্প। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।