আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: ৭ সেপ্টম্বর ২০১৯ জলসা মানে নৃত্য-গীতাদির বৈঠক। আর এই গীতাদির বৈঠকের আয়োজন করেছে ‘পথ প্রোডাকশন’ সংগঠন। পথ প্রোডাকশন সিডনির একটি অলাভজনক সাংস্কৃতিক সংগঠন এবং তাঁদের এবারের আয়োজন জলসা। অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সাইন্স থিয়েটারে। জলসা ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুজিত মোস্তফা’র সঙ্গীত সন্ধ্যা আগামী ২১ সেপ্টেম্বর (একই দিনে হওয়ার কারণে) নির্ধারণ করা হলে দর্শকদের অংশগ্রহণে সমস্যা দেখা দিতে পারে। তাই জলসা-২ এর আয়োজকরা ২১ সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করে আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬:০০ টায় অনুষ্ঠান করার সিদ্ধান্তে উপনীত হয়।
এই সংগীতানুষ্ঠানের সমুদয় অর্থ ক্যান্সার কাউন্সিলের জন্য অনুদান দেওয়া হবে। এটা জলসার দ্বিতীয় আয়োজন তাই একে জলসা-২ বলা হচ্ছে। অনুষ্ঠানে নতুন ও পুরোনো দিনের গান দিয়ে সাজানো হয়েছে।
১ সেপ্টম্বর সোমবার সন্ধ্যায় লাকেম্বার স্থানীয় রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জলসার আয়োজকরা। আয়োজক ফয়সাল হোসাইন বলেন, সিডনির স্থানীয় শিল্পীদের গান পরিবেশনে সুযোগ তৈরী করে দিচ্ছে জলসা। গতবার আট জন শিল্পী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আর এবারে জলসা-২ এর গ্রেন্ড শোতে ১৭ জন শিল্পী রবীন্দ্র, নজরুল, আধুনিক ও হিন্দি গান পরিবেশন করবে। পথ প্রোডাকশন সর্বদা ব্যতিক্রমধর্মী কিছু অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করে আসছে। অনুষ্ঠান সফল করার জন্য তিনি সিডনির মিডিয়ার সহযোগীতা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল হোসাইন, আনিসুর রহমান নান্টু, শাওন অরিজিৎ, রাকেশ মণ্ডল, রাজিব, নিজাম উদ্দিন উজ্জ্বল।