আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: চট্রগ্রামের ঐতিহ্যবাহী আতিথেয়তা আর ভোজনে সহস্রাধিক মানুষের কলরবে জমে উঠেছিলো এবারের সিডনির মেজবান। সিডনির লিভারপুলস্থ উইটলেম লেসার সেন্টারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়ে গেলো গত ২৭ অক্টোবর রোববার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, রন্ধনশিল্পী আবুল হোসেন, সংগঠনের পৃষ্টপোষক হাসান মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রমুখ।

ঐতিহ্যবাহী মেজবানে মূল খাবারের তালিকায় ছিলৈা গরুর গোস্ত ও সাদা ভাত এবং ছোলার ডাল, গরুর হাড় দিয়ে ঝোল রান্না। আরো ছিল বেলা বিস্কুটের সাথে চা।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঐতিহ্যবাহী মেজবানে অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও মেজবানের আয়োজনে চট্টগ্রাম জেলার ছাড়া অন্যান্য জেলার লোকও আমন্ত্রিত ছিল। বাচ্চাদের খেলাধুলা, গান, ফেইস পেইন্টিংসহ ছিল নানা কর্মসূচি। সবশেষে ছিল জনপ্রিয় শিল্পী তপন চৌধুরীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু উপস্থিত মেজবান অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।