প্রবাস মেলা ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনি কনসুলেট বাংলাদেশে সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের ওপর নির্মিত ‘হাসিনা- অ্যা ডটার্স টেল’, বায়ান্নোর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়া’ ও মুক্তিযুদ্ধের সোনালি ইতিহাসের ওপর নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্র তিনটি প্রদর্শন করা হয়।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে কনসুলেট জেনারেল বাংলাদেশ, সিডনির সার্বিক তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ায় এই প্রথম আয়োজন হলো বাংলা চলচ্চিত্র উৎসবের। বালাদেশ সরকারের সরাসরি তত্ত্বাবধানে এই প্রথম অস্ট্রেলিয়াতে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি পেল।
প্রথম ছবি হিসেবে প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের ওপরে নির্মিত ‘হাসিনা- অ্যা ডটার্স টেল’ প্রদর্শন করা হয়। বাংলাদেশ কনসুলেট জেনারেলর আমন্ত্রণে চলচ্চিত্রটি দেখতে অস্ট্রেলিয়ায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রীর আত্মত্যাগ ও সুদীর্ঘ সংগ্রামী ইতিহাসের ভূয়সী প্রশংসা করেন তারা।
উৎসবে ‘হাসিনা- অ্যা ডটার্স টেল’ সিনেমার পাশাপাশি বায়ান্নোর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ‘ফাগুন হাওয়া’ ও মুক্তিযুদ্ধের সোনালি ইতিহাসের ওপর নির্মিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। কন্সুল জেনারেল খন্দকার মাসুদুল আলম জানান, বিশ্বের কাছে বাংলাদেশ ও স্বাধীনতার গৌরবময় ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই সিডনিতে বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
চলচ্চিত্র উৎসবে সার্বিক সহযোগিতা করেছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান বঙ্গজ ফিল্মস। অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট নাগরিকেরা ছাড়াও উৎসবে আমন্ত্রিত ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা।