আবুল কালাম আজাদ খোকন, সিডনী, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনির নর্থ প্যারামাটা এলাকা থেকে আনিমা হায়াৎ এনি (১৯) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এনি চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় ৩০ জানুয়ারি ২০২২, রবিবার বিকেল সাড়ে ৪টায় প্যারামাটার একটি অ্যাপার্টমেন্টে এসিড ভর্তি বাথটাবে শায়িত অবস্থায় পাওয়া যায় এনিকে।
সিডনিতে বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বার হ্যামডেন রোড়ের বাসিন্দা আবু হায়াৎ ও আফ্রাহ রুমা দম্পতির মেয়ে এনি। আবু হায়াতের দেশের বাড়ি মুন্সিগঞ্জে। মিরাজ জাফর (২১) নামে এক পাকিস্তানি তরুণের সঙ্গে এক বছর ধরে এনি বসবাস করে আসছিলেন বলে জানা গেছে। ঘটনার পর জাফর পালিয়ে যান। পরে নিজেই পুলিশের কাছে ধরা দেন। তবে সঠিকভাবে জানা যায়নি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন কিনা। এর আগে তারা গ্রিনএকর ও ওয়ালি পার্কেও বসবাস করেছেন। মরদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় পুলিশ সুপার জুলি বুন ওই তরুণের সঙ্গে এনির সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।