আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় সংগীতশিল্পী জুটি আতিক হেলাল ও মিতা আতিকের সংগীতসন্ধ্যা ‘গানে গানে জোছনা সিজন-২’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে ব্যাংকসটাউনের ব্র্যান ব্রাউন থিয়েটারে অনুষ্ঠিত হয়।
সংগীতসন্ধ্যায় এই শিল্পীজুটি মনোমুগ্ধকর নতুন ও পুরোনো বাংলা গান পরিবেশন করেন। সিডনিতে এ বৎসরই ১২ জানুয়ারি ‘গানে গানে জোছনা সিজন-১’ অনুষ্ঠান সাড়া পাওয়ায় পর এবার সেপ্টেম্বরে ‘গানে গানে জোছনা সিজন-২’ এর দ্বিতীয় আয়োজন করে। যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন তবলাবাদক জিয়াউল ইসলাম তমাল, কী-বোর্ডিস্ট রুপন্ত শর্মা, অক্টোপ্যাড বুলবুল কুমার সাহা, লিড গিটার ও রিদম জাহিদ হাসান, বেজ গিটার জাকের হাসান রানা, ভিডিও এনেমেশন কামরুল হাসান এবং সাউন্ড সিষ্টেম মাইকেল ও রহমান।
অনুষ্ঠানে আতিক হেলাল ও মিতা আতিকের একে একে ৩০টি গান পরিবেশন করেন। শিল্পী মিতা আতিকের গাওয়া প্রথম গানটি ছিল- এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোন দিন শোধ হবে না। শিল্পী আতিক হেলালের গাওয়া প্রথম গানটি ছিল- যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না ! প্রথম পর্বে প্রয়াত সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ, সুবীর নন্দী, বারি সিদ্দিকী, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলী আকবর রূপু ও আইবুব বাচ্চুর সম্মানে গান পরিবেশন করেন।
দ্বিতীয় পর্বে জনপ্রিয় আধুনিক, চলচ্চিত্র ও হিন্দি গান এবং গজল পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষাংশে চলচ্চিত্রের জনপ্রিয় ১০টি মিক্স গান বা মেশ আপ গান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। সবগুলো গানই যেন প্রাণ পেয়েছে শিল্পী যুগলের স্বকীয়তা আর গায়কীতে। সত্যিই গান হয়ে আছে তাঁদের প্রাণের ছোঁয়া। সঙ্গীতময় জীবনে মিতা ও আতিক সিডনিবাসী সবার শুভ কামনা চান।