ডেস্ক রিপোর্ট: দক্ষিণ গোলার্ধে বসন্তকে স্বাগত জানাতে গত ২১ সেপ্টেম্বর সিডনির Woodcroft লেকপাড়ে রঙিন আয়োজনে বসন্তবরণ অনুষ্ঠান করেছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া। ‘Spring Down Under – রাঙিয়ে দিয়ে যাও’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা, নাচ, নাটক ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো দিন।
শিশুদের জন্য ছিল রুচিরার হাতে মুখে চিত্রাঙ্কন, পাশাপাশি সকালবেলার মজার টিফিনে পরিবেশিত হয় স্কুল জীবনের স্মৃতিবিজড়িত চটপটি, পুরি ও অন্যান্য খাবার। পরিবেশ সাজানোয় বিশেষ ভূমিকা রাখেন অমিয়া মতিন, সূচনা চৌধুরী ও সৈয়দা সুলতানা।
দুপুরে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, সঞ্চালনায় ছিলেন শ্রাবন্তী কাজী ও ড. মাফরুহা আলম। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে অগ্রণীর সদস্যরা একক ও যৌথ গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। কোরাসে শোনানো হয় ‘আজি দখিন দুয়ার খোলা’, শিশু শিল্পীরা পরিবেশন করে ‘আমরা সবাই রাজা’ ও ‘Heal the World’।
যন্ত্রসঙ্গীতে অংশ নেন সোহেল খান (গিটার), রাশনান (কীবোর্ড) ও শাহরিয়ার (অক্টোপ্যাড)। আবৃত্তি, নৃত্য এবং ব্যান্ড সংগীতেও প্রাণবন্ত পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।
দিনের আকর্ষণীয় অংশ ছিল নাটক। শিশুদের জন্য পরিবেশিত হয় সুকুমার রায়ের গল্প অবলম্বনে নাটক I Don’t Know Who Ate That, নির্দেশনায় ড. মাফরুহা আলম। পরে মঞ্চস্থ হয় পল্লীকবি জসীম উদ্দীনের গল্প অবলম্বনে হাসির নাটক আট কলা, যেখানে অভিনয় করেন নাইয়ারা কেয়াসী, ড. সাদাত আহমেদসহ আরও অনেকে। নাটক দুটিই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।
এছাড়া কুইজ, র্যাফেল ড্র ও শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। সমাপ্তি পর্বে পরিচয় করিয়ে দেওয়া হয় অগ্রণীর নির্বাহী কমিটি: অমিয়া মতিন (প্রেসিডেন্ট), ড. মাফরুহা আলম (ভাইস প্রেসিডেন্ট), ড. তনিমা আলী (জেনারেল সেক্রেটারি), সৈয়দা সুলতানা (ট্রেজারার), সূচনা চৌধুরী (আর্ট অ্যান্ড ডিজাইন কোঅর্ডিনেটর) এবং নাইয়ারা কেয়াসী (লিয়াজোঁ অফিসার)।
ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেসিডেন্ট অমিয়া মতিন ও ভাইস প্রেসিডেন্ট ড. মাফরুহা আলম। তারা বলেন, “এ আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও বাংলা ও অস্ট্রেলিয়ান সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চাই, প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে দিতে চাই।”
দিনব্যাপী অনুষ্ঠানটি শেষ হয় বিকাল ৪টা ৩০ মিনিটে। মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন মো. জাহাঙ্গীর।