প্রবাস মেলা ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের আয়োজনে প্রতি বছর অস্ট্রেলিয়া ডে উপলক্ষে স্বেচ্ছাসেবী কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয় “সিটিজেন অফ দ্য ইয়ার” পুরস্কার। এ বছর কমিউনিটি ভলান্টারি বিভাগে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন আবুল কালাম আজাদ খোকন। পুরস্কার তুলে দেন সিডনির ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বেলাল হেইক। স্বেচ্ছাসেবী কাজে দীর্ঘ ২০ বছরের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজাদ খোকন এই সম্মাননা লাভ করেন।
আজাদ খোকন দীর্ঘদিন ধরে সিডনির মাল্টিকালচারাল কমিউনিটিতে স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তার অংশগ্রহণে আয়োজিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ক্লিন আপ ডে, হারমনি ডে, হোয়াইট রিবন অস্ট্রেলিয়া ডে, মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, মাইন্ডফুলনেস কার্যক্রম এবং জাস্টিস অফ দ্য পিস সম্পর্কিত উদ্যোগ। পেশাগতভাবে আজাদ খোকন একজন স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত প্রবাসীদের নিয়ে প্রথম ও একমাত্র পত্রিকা প্রবাস মেলা’র সিডনি প্রতিনিধি। তার স্বেচ্ছাসেবী ও পেশাগত দক্ষতার জন্য ইতোমধ্যেই প্রায় ৭০ থেকে ৮০টি পুরস্কার অর্জন করেছেন।
প্রসঙ্গত, গত বছরও তিনি এবং তার সংগঠন “নবধারা এসোসিয়েশন” একই ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছিল। তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।