রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকে: সিঙ্গাপুরের স্থানীয় নাগরিক ১৬ বছরের এক কিশোরের করোনার টিকা গ্রহণের ৬ দিন পর মাইয়োকার্ডিটিস হয়। টিকা গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবেই এটিকে গণ্য করে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। ধরা পড়ে ফাইজারের করোনা টিকা গ্রহণের পর তার হার্ট অ্যাটাক হয়।
করোনা টিকা গ্রহণের পর তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুর সরকার। সেই আশ্বাস অনুযায়ী ঐ কিশোরকে ২ লাখ ২৫ হাজার সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।
হার্ট অ্যাটাক থেকে মৃত্যুও হতে পারতো বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আপাতত হাসপাতালে আছে সেই কিশোর। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। চিকিৎসকরা বিরলতম ক্ষেত্রেই এমনটা হয় বলে জানিয়েছেন। ভাইরাল সংক্রমণের কারণে হৃদপিন্ড অত্যন্ত দুর্বল হলে এমনটা হতে পারে। তবে খুবই বিরল ক্ষেত্রে এমনটা হয়।