প্রবাস মেলা ডেস্ক: আগামী প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন জানান, ২০০৫ সালের পর জন্ম নেওয়া কেউ জীবদ্দশয়ায় সিগারেট অথবা তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করার জন্য সংসদে একটি নতুন আইন পেশ করবে, যার নাম ‘Generational End Game’।
স্থানীয় সময় ১৭ ফেব্রুয়ারি ২০২২, বৃহস্পতিবার দেশটির পুত্রজায়ার ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ক্যানসার দিবস ২০২২ উদ্যাপন উদ্বোধন করার সময় মন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন বলেন, তিনি আশা করেন, নতুন আইনটি সংসদে পাস হবে। কারণ, তামাক সেবন ক্যানসারের প্রধান কারণ এবং ক্যানসারে দেশটির ২২ শতাংশ মানুষ মারা যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় ধূমপানমুক্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলতে তরুণদের কাছে সব ধরনের তামাক বিক্রি নিষিদ্ধ করবে সরকার। তামাক নির্মূলের অন্যান্য পদক্ষেপ দীর্ঘ সময়সাপেক্ষ হওয়ায় তরুণদের সিগারেট কেনা নিষিদ্ধের এই পরিকল্পনার কথা জানানো হয়।
তিনি আরও বলেন, ‘এ আইনের মাধ্যমে যদি আপনার বয়স এখন মালয়েশিয়ায় ১৭ বছর হয় এবং সংসদ যদি আইনটি পাস করে, তাহলে আপনি আর কখনো বৈধভাবে এ দেশে সিগারেট কিনতে পারবেন না। এর মাধ্যমে নতুন ধূমপায়ীদের সংখ্যা হ্রাস করবে এবং এমন সময় আসবে, যেখানে মালয়েশিয়ায় আর কোনো ধূমপায়ী থাকবে না। আমরা আশা করি, এই নতুন আইনের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সিগারেট এবং তামাকের সংস্পর্শে আসা থেকে রক্ষা করতে পারব।’
এ ছাড়াও দেশটিতে প্রতি ১০ জন পুরুষের মধ্যে একজন এবং প্রতি নয়জন নারীর মধ্যে একজন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। মালয়েশিয়ার পুরুষদের মধ্যে তিনটি সাধারণ ধরনের ক্যানসার হলো কোলোরেক্টাল ক্যানসার (১৬.৯ শতাংশ), ফুসফুসের ক্যানসার (১৪.৮ শতাংশ) এবং প্রোস্টেট ক্যানসার (৮.১ শতাংশ) নারীদের মধ্যে, স্তন ক্যানসার (৩৩.৯ শতাংশ), কোলোরেক্টাল ক্যানসার (১০.৭ শতাংশ) এবং জরায়ুর ক্যানসার (৬.২ শতাংশ)।
অন্যদিকে, মালয়েশিয়ায় তামাক বিক্রির অনুমোদিত খুচরা বিক্রেতার সংখ্যা হ্রাস এবং সব ধরনের তামাকপণ্যে নিকোটিনের মাত্রা কমানো হবে বলেও জানান তিনি।