প্রবাস মেলা ডেস্ক: অন্তর্জাল তারকা, ‘ম্যানিকে মাকে হিতে’ খ্যাত শ্রীলঙ্কার সংগীতশিল্পী-গীতিকার ইয়োহানিকে দেখা যাবে সালমান খান সঞ্চালিত বিগ বসের চলতি ১৫তম মৌসুমের উইকেন্ড কা বার পর্বে। সেখানে এ কণ্ঠশিল্পীর সঙ্গে গাইবেন সুপারস্টার সালমান খান। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, বিগ বসের একটি প্রোমো ভিডিও অন্তর্জালে প্রকাশ হয়েছে, যেখানে ইয়োহানির সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা গেছে সালমানকে। এরই মধ্যে প্রোমো ভিডিও ভাইরাল। আজ রাতে এ পর্বটি ভারতের কালার্স টিভিতে সম্প্রচার হবে।
গেল মে মাসে ইয়োহানি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ‘ম্যানিকে মাকে হিতে’ গান দিয়ে, যেটির মূল কণ্ঠশিল্পী সত্যিশান রথনায়েক। বাংলাদেশেও গানটি বেশ সাড়া ফেলেছে। তাঁর কণ্ঠের প্রশংসায় অসংখ্য দর্শক। সুর বিশ্বজনীন আর ভাষা যে এ ক্ষেত্রে কোনও বাধা নয়, তা আরেক বার প্রমাণ করেছেন ইয়োহানি।
ইনস্টাগ্রাম ও ফেসবুকেও বাড়ছে ইয়োহানির অনুসরণকারীর সংখ্যা। শুধু সংগীতই নয়, মডেলিংও করেন ইয়োহানি।