প্রবাস মেলা ডেস্ক: প্রথমবার জুটি বেঁধে একটি ওয়েব ফিল্মে কাজ করছেন চিত্রনায়ক আদর আজাদ। তার সঙ্গী হয়েছেন স্পর্শিয়া। ‘এখানে নোঙ্গর’ ওয়েব ফিল্মে সারেংরূপে ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে আদরকে। তার চরিত্রের নাম আলতামাস। এরই মধ্যে ইন্টারনেটে চরিত্রের একটি লুক শেয়ার করেছেন আদর। ঝাঁকড়া পাকা চুল ও দাড়িতে অন্য এক আদরকেই আবিষ্কার করা যাচ্ছে ছবিতে।
নতুন লুকটি প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি।
ওয়েব ফিল্মে কাজ প্রসঙ্গে আদর জানান, গল্পটি অসাধারণ লেগেছে। আলতামাস বছরে চারবার তার বালুর জাহাজ কাউখালীতে নোঙর করে। এই নোঙর ঘিরেই এগিয়ে যায় গল্প। এটা মূলত রোমান্টিক এবং ট্র্যাজেডি ঘরানার গল্প।
স্পর্শিয়া জানান, ‘এখানে নোঙ্গর’-এর গল্প এ সময়ের অন্যান্য সিনেমা থেকে অনেকটা আলাদা। চরিত্রেও আছে চেনাজানা মানুষের ছায়া। এর ঘটনাবহুল কাহিনি দর্শককে আমাদের চলমান জীবনধারা নিয়ে কিছুটা হলেও ভাবাবে।’
নির্মাতা রনি জানান, ‘গল্পটি নদী, মালবাহী জাহাজ এবং এর সঙ্গে যুক্ত কিছু চরিত্র নিয়ে সাজানো হয়েছে। একদম গ্রামবাংলার দর্শকদের জন্য এটি নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে আদরের বেশ কিছু দৃশ্য ছিল নদীতে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা, প্রচণ্ড শীতের মধ্যে তাকে এই দৃশ্যগুলো করতে হচ্ছে। আশা করছি, কাজটি সবার পছন্দ হবে।’
গত ১৫ জানুয়ারি থেকে ঢাকার আমিনবাজার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মটির শুটিং শুরু হয়। ২২ জানুয়ারি ২০২৩, রবিবার বাকি অংশের শুটিংয়ের জন্য টিম যাচ্ছে বরিশাল অঞ্চলে। সেখানে বাকি অংশের শুটিং দিয়ে পুরো ওয়েব ফিল্মের কাজ শেষ হবে ২৫ জানুয়ারি।
‘এখানে নোঙ্গর’-এ অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইকবাল, হানিফ পালোয়ান প্রমুখ। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব ফিল্মটি অচিরেই আরটিভি প্লাস অ্যাপে মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা।