প্রবাস মেলা ডেস্ক: কানাডা সফরে গেছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম কানাডা সফরে গেলেন জেলেনস্কি।
২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কির এই সফরে জাস্টিন ট্রুডো সরকারের কাছ থেকে বড় ধরনের সহায়তার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে আব্রামাস ট্যাঙ্ক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলেনস্কি।
কানাডা টিভিতে প্রচারিত সংবাদে দেখা গেছে, রানওয়েতে ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাকে অভ্যর্থনা জানাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষে সমর্থন জানিয়েছে কানাডা। দেশটিতে ইউক্রেনীয় বংশোদ্ভূত ১৪ লাখ মানুষ বাস করে, যা ইউক্রেন এবং রাশিয়ার পর তৃতীয় সর্বাধিক।
২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার নিউইয়র্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের বলেন, ইউক্রেনের যতদিন প্রয়োজন কানাডা ততদিন তাদের সমর্থন করবে। আমরা আইনের শাসন এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক আদেশ রক্ষার জন্য সবসময় দৃঢ় থাকব।’
কানাডা সফরে অটোয়ায় পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি। তারপর ট্রুডোর সঙ্গে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি। ইউক্রেনীয় কানাডিয়ান কংগ্রেস লবি গ্রুপের নির্বাহী পরিচালক ইহোর মিচালচিশিন বলেন, ‘কানাডা গ্রুপ অব সেভেন এবং ন্যাটোর সদস্য। কানাডার সব রাজনৈতিক দল ইউক্রেনকে সমর্থন করে। আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষে তার কানাডিয়ান মিত্রের কাছ থেকে আরও কিছু আশা করতেই পারেন।’
তিনি বলেন, ‘যদি ইউক্রেনের বন্ধুরা চায় ইউক্রেন যুদ্ধে জয়লাভ করুক, তবে আরও সামরিক সহায়তা দিতে হবে। এর বিকল্প নেই।’