আবুল কালাম আজাদ খোকন, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: গত ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় আলোচিত চলচ্চিত্র ‘সাপলুডু’। ব্যতিক্রমী গল্প আর অসাধারণ নির্মাণশৈলীর জন্য চলচ্চিত্রটি পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য। বাংলাদেশ জয় করে সাপলুডু মুক্তি পাচ্ছে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়টি দেশে। এবার সাপলুডু অস্ট্রেলিয়ার প্রধান শহরগুলোতে যাত্রা শুরু করবে।
আগামী ১২ অক্টোবর প্রথমেই সিডনির হোয়াইটস ব্যাংকসটাউন হলে সিনেমাটি দেখানো হবে। এছাড়া এরপর মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং এ্যডিলেট শহরেও সিনেমাটি দেখানোর পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্রটির ব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের কারণে যৌথভাবে ঈগল এন্টারটেইনমেন্টের সাব্বির চৌধুরী, স্বদেশ এন্টারটেইনমেন্টের ফয়সাল আজাদ, দ্যা লুক এর সালমিন তানহা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরিবেশনার পাশাপাশি বিভিন্ন শহরে আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অংশীদার হয়ে শো-এর আয়োজন করছে।
সাপলুডু থ্রিলার ঘরানার বাংলাদেশি চলচ্চিত্র, যেটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা সাহা মীম, জাহিদ হাসান, সালাউদ্দিন লাভলু প্রমুখ। চলচ্চিত্রটিতে গল্পকার, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করেছেন গোলাম সোহরাব দোদুল এবং প্রযোজনা করেছেন আশিকুর রহমান।
এ ব্যাপারে সাব্বির চৌধুরী বলেন, “আমি বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গণে মানসম্পন্ন সফল বাণিজ্যিক সিনেমার যে শুন্যতা আছে, তা ‘সাপলুডু’ অনেকাংশেই পূরণ করছে। পাশাপাশি সাপলুডুর চলচ্চিত্র পরিচালক ও কাহিনীকার নতুনদের বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ করবে।”
অভিনেতা আরিফিন শুভ অস্ট্রেলিয়ার দর্শকদের চলচ্চিত্রটি দেখে মন্তব্য করার জন্য অনুরোধ করে বলেন, “আশা করছি, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ‘সাপলুডু’ অস্ট্রেলিয়াতেও রেকর্ড গড়বে।”