জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে নির্ভিক সাংবাদিক ও সিলেটের কৃতি সন্তান আব্দুল ওয়াহেদ খান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল আলোচনা পেশ করেন সময় সম্পাদক সাংবাদিক সাঈদ চৌধুরী। মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, অধ্যাপক আব্দুল হাই, হাজী ফারুক মিয়া, মাওলানা আব্দুল কুদ্দুছ, মাওলানা ফরিদ উদ্দিন, এম এ মুকিত, সৈয়দ রফিকুল হক প্রমুখ ।
সভায় বক্তারা বলেন- সাংবাদিক ও শিক্ষানুরাগী আব্দুল ওয়াহেদ খান সিলেটে সাংবাদিকতার জগতে এক উজ্বল নক্ষত্র। তিনি সাংবাদিকতায় বৈচিত্রময় ও সাহসিক ভাবধারার সৃষ্টি করেছিলেন। শিক্ষা ও সাহিত্যের উন্নয়নে এক যুগান্তরারী ভূমিকা পালন করেন। মুসলিম সাহিত্য সংসদ ও প্রেস ক্লাবের উন্নয়নে ভূমিকা রাখেন। কোন ভয়ভীতি ও রক্তচক্ষু তাকে সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি । মরহুম আব্দুল ওয়াহেদ খান তাঁর কর্মের মাঝে বেঁচে থাকবেন যুগের পর যুগ । বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
সভায় উপস্থিত সবাই মিলে সুরা ইয়াছিনসহ অন্যান্য সুরা তেলাওত করে মরহুম আব্দুল ওয়াহেদ খানের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন । দোয়া পরিচালনা করেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব, কমিউনিটি সংগঠক ও আলেমে দ্বীন মাওলানা আব্দুল কুদ্দুছ জকিগঞ্জী ।