প্রবাস মেলা ডেস্ক: সাংবাদিকদের কাজের মধ্য দিয়েই গণতন্ত্রের চর্চা ও জবাবদিহি নিশ্চিত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
ক্রাইম বিটে কর্মরত সাংবাদিকদের নানা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের চড়া মূল্যও দিতে হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিব রহমান পার্থ বলেন, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা।
সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং অনেক সময় তাদের চড়া মূল্যও দিতে হয়।
তিনি বলেন, বাংলাদেশে সাংবাদিকসহ বিভিন্ন খাতে কাজ করা মানুষের জন্য এখনো পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।
সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমি মাত্র ২০ দিন হলো দায়িত্বে এসেছি।
আমার কতখানি করতে পারব, না পারব, অবশ্যই একটা সিস্টেমের মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়।
আন্দালিব রহমান পার্থ বলেন, আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। আপনারা আমাকে সবসময়ই পাবেন এবং আপনারা আমার কাছে আসতে পারবেন, আমাকে বলতে পারবেন।
নিজের রাজনৈতিক পটভূমির কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যাগুলো আমি উপলব্ধি করি। মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেকটির প্রতি আমার দায়িত্ব রয়েছে।
গত ১৭ বছরে একটি ব্যবস্থা করাপ্টেড হয়ে পড়েছে মন্তব্য করে আন্দালিব রহমান পার্থ বলেন, দায়িত্ব নেওয়ার পর সেটিকে ঠিক করা বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, একটা খালি জায়গাতে একটা দালান বানানো অনেক সহজ, কিন্তু একটা পুরোনো, ভাঙাচোরা দালানকে আবার সেখান থেকে বানানো অনেক বড় কঠিন একটা কাজ।’
সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে যেকোনো সময় যোগাযোগ করবেন। সাংবাদিকদের সমস্যাগুলো নিয়ে তার সঙ্গে কথা বলারও আহ্বান জানান তিনি।
আন্দালিব রহমান পার্থ বলেন, যখন যেটা আপনাদের দরকার, যখন যেটা আপনারা প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেই সমস্যার সমাধান করব এবং আমরা আপনাদের সঙ্গে আছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।