প্রবাস মেলা ডেস্ক: টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অভিনেত্রী হলেও বর্তমানে তাকে ‘দিদি নম্বর-১’ এর উপস্থাপিকা হিসেবেই চেনেন সবাই। সম্প্রতি কলকাতার পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার এলাকায় একটি শো করতে গিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। মূলত কালীপুজার একটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য একটি ক্লাবে গিয়েছিলেন এ অভিনেত্রী। এ তারকা কলকাতা থেকে গর্ভনমেন্ট অব ইন্ডিয়া’র স্টিকার লাগানো গাড়িতে অনুষ্ঠানে পৌঁছান। আর বিষয়টি সবার নজরে পড়তেই আলোচনা-সমালোচনার মুখে পড়েন রচনা।
এ অভিনেত্রী বর্তমানে সরকারি কোনো পদে নেই। কিন্তু তারপরও তার গাড়িতে কীভাবে সরকারি স্টিকার থাকে, এ নিয়েই যত সমালোচনা। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, WB 24TB777 নম্বর প্লেটের ওই গাড়িটির ইন্সুরেন্সও নাকি ফেল।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অনুষ্ঠান শেষে প্রশ্নের মুখে পড়েন রচনা। আমতা আমতা করে তিনি জানান, এ ব্যাপারে কিছুই জানেন না। আর গাড়িটি নাকি পাঠিয়েছেন উদ্যোক্তরা। রচনা বলেন, আমি জানি না। উদ্যোক্তরা যে গাড়ি পাঠিয়েছে, সেই গাড়িতে এসেছি আমি। এর বাইরে কিছু জানা নেই আমার।
তিনি আরও বলেন, অনুষ্ঠানে এসে ভালো লাগছে। সব আয়োজনই ভালো হয়েছে। আমরা তো গ্রামের মানুষদের কারণেই স্টার হয়েছি। খুব ভালো লাগে এমন অনুষ্ঠানে আসতে।
এরপর বিতর্ক এড়াতে অভিনেত্রীর গাড়ি থেকে সরকারের ওই স্টিকার খুলে ফেলেন চালক। কিন্তু আসলেই রচনাকে গাড়ি পাঠিয়েছিল কিনা উদ্যোক্তরা, এ নিয়ে প্রশ্ন থেকে যায়। পরে এ ব্যাপারে ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দত্ত বলেন, আমরা কোনো গাড়ি দেইনি। ওনার কোথাও একটা ভুল হচ্ছে। উনি নিজেই এসেছেন গাড়ি নিয়ে। তিনি ভুল কথা বলছেন।
তবে অনুষ্ঠান শেষে স্টিকার বিতর্ক নিয়ে কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন টালি তারকা।