হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন এবং একে অন্যকে ভালোবাসুন—তাহলেই প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম হবে, বহুজাতিক এ সমাজে নিজেদের উদ্ভাসিত করতে সক্ষম হবো। প্রবাসী শেরপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক উৎসবে এমন আকুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এক মিনিটের এই বক্তব্যে উপস্থিত সকলে অভিভূত হন, এবং এটি সকলের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
২০২৫-২০২৬ মেয়াদের জন্য নির্বাচিত প্রবাসী শেরপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২২ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইডের আল-আকসা (তাজমহল রেস্টুরেন্ট) পার্টি মিলনায়তনে।
সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেমের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। বিদায়ী সভাপতি নাহিদ রায়হান লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম কেয়ার ব্যবসায়ী এইচ এম জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, শেরপুর সমিতির সাবেক সভাপতি মামুন রাশেদ, আক্তারুজ্জামান ও জান্নাত আরা রহমান। অভিষেক-উৎসবের জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাসেল ও সদস্য-সচিব নাইস চৌধুরীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালনের পর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়।
নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম। অভিষিক্ত নেতৃবৃন্দ হলেন- সভাপতি ইঞ্জিনিয়ার প্রদোষ চক্রবর্তী সাধারণ সম্পাদক ছামেদুল হক ঝন্টু সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান ও সাবেরা জামান চৌধুরী সহ-সভাপতি আল-আমিন ও এস এম আসাদুজ্জামান সেলিম কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাসেল সাংগঠনিক সম্পাদক খন্দকার মেহেদী হাসান সমাজকল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন প্রচার ও দপ্তর সম্পাদক সিহাব আহমেদ কিবরিয়া কার্যকরী সদস্য নাহিদ রায়হান লিখন, মাসুদ পারভেজ মুক্তা, সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, গৌতম চক্রবর্তী মিন্টু, মোসতারীন আক্তার লিমু, মোস্তফা সাদী, শহিদুল আলম শাহীন, বদিউজ্জামান মিয়া শিমুল ও রেখা জামান চৌধুরী।
আধ্যাত্মিক মরমি সাধক গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর পদধন্য শেরপুরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার নিরলস প্রয়াস অব্যাহত রাখার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল কাশেম, বিদায়ী সভাপতি নাহিদ রায়হান লিখন ও বিদায়ী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী শাহ মাহবুব ও রুখসানা মির্জা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, জামালপুর সমিতির সাবেক সভাপতি জিল্লুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক ঠিকানার বার্তা সম্পাদক এম শহীদুল ইসলাম, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল বিডি ইয়র্কের সম্পাদক শাহ ফারুক, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান, ভিপি জসীমউদ্দীন, বাংলাদেশ মিশনের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও রানা রায়হান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা সাদী। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।