প্রবাস মেলা ডেস্ক: দেশের তিন প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব—শিল্পী মোস্তফা মনোয়ার, কবি আল মুজাহিদী ও সাহিত্যিক ভাস্কর চৌধুরীর স্মরণে আগামী ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হবে ‘সদ্যপ্রয়াত তিন কৃতবিদ্যের প্রতি ‘জাতীয় শোক, স্মৃতিতর্পণ’শীর্ষক বিশেষ অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে প্রয়াত তিন গুণীজনের কর্মময় জীবন, সাহিত্য-সংস্কৃতিতে তাঁদের অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ তুলে ধরবেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে প্রয়াত শিল্পী মোস্তফা মনোয়ার, কবি আল মুজাহিদী এবং সাহিত্যিক ভাস্কর চৌধুরী-এর প্রতি পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সকল শহীদ ও যোদ্ধাদের প্রতিও বিশেষ শ্রদ্ধা জানানো হবে।
অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শিল্পী মোস্তফা মনোয়ারকে স্মরণ করা হবে। বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে কবি আল মুজাহিদীকে নিয়ে স্মরণপর্ব। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সাহিত্যিক ভাস্কর চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে।
স্মরণসভায় দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, কবি, শিল্পী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।