প্রবাস মেলা ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা রওনক হাসান। সম্প্রতি সত্য ঘটনা অবলম্বনে ‘ডায়েরি অব জেনোসাইড’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ছবিটি মহান শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন পরিচালক সৌরভ কুণ্ডু। স্বল্পদৈর্ঘ এ সিনেমাটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন এবং এর মূল ভাবনায় ছিলেন আমিনুল ইসলাম ইমন।
ছবি প্রসঙ্গে পরিচালক সৌরভ জানান, শহীদ বুদ্ধিজীবীরা হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্মরণে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি নির্মাণ করেছি। বাঙালি জাতিকে নিঃশেষ করার জন্য পাকিস্তানিরা দেশদ্রোহীদের সহায়তায় এদেশের যে নির্মম যে হত্যাকাণ্ড চালায়, তারই চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই ছবিতে।
এ ছবিতে অভিনয়ের প্রসঙ্গে রওনক বলেন, শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। স্বল্পদৈর্ঘ এই ছবিটি ইতিহাসের একটি দলিল হয়ে থাকবে বলে মনে করছেন অভিনেতা। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এই ধরনের কাজ আরও বেশি হওয়া প্রয়োজন।
রওনক ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি, আনিকা তাবাসসুম, জে আই মোহসান, ইমতিয়াজ, বিপুল এবং টিপু। স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রটি এআপ স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে। আর এটির প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন।