প্রবাস মেলা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই জালিয়াতির সঙ্গে জড়িত এক সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিম গত ২৫ জানুয়ারি সচিবালয়ে তল্লাশি চালিয়ে দুই জন অননুমোদিত ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে অবৈধ পাসের মাধ্যমে ভেতরে প্রবেশ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।
আটককৃতদের মধ্যে মো. আলিফ শরীফ দীর্ঘ দিন ধরে এই ধরনের অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।মো. আলিফ শরীফকে ১ মাসের কারাদণ্ড,মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড ওমো. দিদারুল আলমকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এদিকে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশ ঠেকাতেও মনিটরিং জোরদার করা হয়েছে। বর্তমানে স্টিকারবিহীন অথবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনও গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এ বিষয়েস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।