প্রবাস মেলা ডেস্ক: শাকিব-বুবলী জুটির নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। গেল মে মাসে শুরু হয়েছিল এ সিনেমার কাজ। বিভিন্ন লটে শেষ হয়েছে সিনেমার প্রায় কাজ। বাকি কাজের জন্য সেট ফেলা হয়েছে এফডিসিতে। শেষ লটের শুটিং শুরু হয়েছে ১১ আগস্ট ২০২১, বুধবার থেকে।
গত ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল প্রথম লটের চিত্রায়ণ। প্রথম লটে টানা ৮টি শুটিং শেষে ১৭ জুন থেকে শুরু হয় দ্বিতীয় লট। এফডিসিতে সেট ফেলে করা হয় ৫ দিনের শুটিং। তারপর সেট পরিবর্তন করে ২ দিনের বিরতি দিয়ে ২৪ জুন থেকে শুরু হয় আবার শুটিং। লকডাউনের কারণে আটকে ছিল এ সিনেমার কাজ।
লকডাউন তুলে দেওয়ায় আবার শুরু হয়েছে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শেষ লটের চিত্রায়ণ। এমনটাই জানা গেছে প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে। সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করলেও লকডাউন এবং করোনা পরিস্থিতির কারণে আমরা শুটিং স্থগিত করি। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা তপু খান।
শেষ লটের শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘এ লটের শুটিং শেষ করেই আমরা পোস্ট প্রোডাকশনে চলে যাব। প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিডেটের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই অবশিষ্ট কাজ শেষ করতে চাই।’
শাকিব-বুবলী জুটির ১১তম সিনেমা ‘লিডার, আমি বাংলাদেশ’। শাকিব খানকে কীভাবে মূল্যায়ন করবেন? সম্প্রতি এক সাক্ষাতকারে এমন প্রশ্নে বুবলী বলেন, ‘আসলে শাকিব খান নামটাই যথেষ্ট, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সেটি বাংলাদেশ হোক, কলকাতার ইন্ডাস্ট্রি হোক। কারণ এতটা জনপ্রিয় উনি এবং এত ভালো অভিনয় করেন। সেক্ষেত্রে আসলে আমার মনে উনাকে মূল্যায়ন করার সাহস আমার নেই। তবে আমার সৌভাগ্য উনার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, যদি নির্মাতারা চায় সামনেও কাজ হবে।’