আজ বসন্ত, আমাদের ফালগুন
একটু অন্যরকম মনে হচ্ছে কিনা
ভোরের ঘুমে তাই কি বাজালো বীণা?
বসন্তেই ডাকে কোকিল
কেনো যে ডাকে কে জানে
কতো কম চাওয়া ওদের
যেমন তোমার আমার
দেখা আর হবে না ফের!
শীত ভেঙে গেছে
হঠাৎ লেগেছে বুকে স্নিগ্ধ হাওয়া
মন কেমন যেনো করে
বাইরে বারান্দা এতো বড়ো
তবু মন কেবল এ ঘরে ও ঘরে
আজ বসন্ত, আমাদের ফালগুন
মনের ভেতরে আজ অনবদ্য খুন
কেবল কোকিলের নয়
কেবল কৃষ্ণচূড়ার নয়
কেবল শিমুল পলাশের নয়
প্রজাপতি ওড়ে আশ্চর্য পাখনায়
কুমারী বৃক্ষের আজ বিবাহ উৎসব
নদীরা সেজেছে নতুন শাড়িতে
পাখিদের ঠোঁটে প্রশান্ত চুম্বন
জোনাকিরা নিশ্চয় জাগবে পাড়াগাঁয়
আজ বসন্ত, আমাদের ফালগুন
আমাদের প্রেমজাগানো মাতৃভাষায়
বাসন্তি শাড়ির ভাঁজে-ভাঁজে
খোঁপারাঙানো গোলাপ ও বেলিতে
বুকের ভেতরে চলছে নিরলস খুন!