প্রবাস মেলা ডেস্ক: আগামি ১০ নভেম্বর ২০২৩, শুক্রবার ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় তারকা শিল্পী নচিকেতা। রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এই আয়োজনের মূল উদ্দেশ্য শিল্পী নচিকেতার সংগীত ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন। কেআইবিতে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’।
কনসার্টটির নাম দেয়া হয়েছে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’। কনসার্টে নচিকেতার পাশাপাশি শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন।
১৯৯৩ সালে প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তারপর ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই শিল্পী নিজের কথা, সুর আর কণ্ঠে। নচিকেতার ঢাকাই অনুরাগীদের জন্য কনসার্টটির আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।
খবরটি নিজের ফেসবুকেও শেয়ার করেছেন নচিকেতা। সেই সঙ্গে দিয়েছেন ভিডিও বার্তা। ঢাকাই শ্রোতাদর্শকদের এই কনসার্টের আমন্ত্রণ জানিয়ে নচিকেতা বলেন,‘১০ নভেম্বর কেআইবিতে আপনারা আসুন, আমি তো আসছিই।’
এরই মধ্যে অনুষ্ঠানের টিকেট বিক্রি শুরু হয়েছে অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।