প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্ৰামে অবস্থিত টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফুটবল ম্যাচের বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
২০ জুন (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকায় টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার, মোবাইল আসক্তি এবং মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার যুব সমাজকে রক্ষায় এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
বিগত ১৭ জুন (সোমবার) থেকে ৪ দিনব্যাপী উক্ত ফুটবল ম্যাচ শুরু হয় এবং ২০ জুন (বৃহস্পতিবার) ফাইনাল খেলার মধ্য দিয়ে উক্ত ফুটবল ম্যাচের সমাপ্ত হয়। এই ফুটবল ম্যাচে ভাটনীখোলা বেসিক বয়েজ ২-০ গোল দিয়ে বিজয়ী দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে এবং টামটা এফসি রানার্সআপ দলের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের অংশগ্রহণকারী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল ম্যাচে এলাকার মোট আটটি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন- অভিভাবকদের উচিত তাদের সন্তানেরা নিয়মিত পড়ালেখায় মনোনিবেশ করে কিনা তা সতর্কতার সাথে খেয়াল রাখা। কোন শিক্ষার্থী মাদকে আসক্ত হচ্ছে কিনা এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা, নিজ নিজ সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠানো বিষয়ে অধিকতর সতর্ক থাকা। তাছাড়া এলাকায় যেন কোনভাবে বাল্যবিয়ে হতে না পারে তা প্রতিরোধ করা এবং কোন বিয়েতে যেন যৌতুক দেয়া অথবা নেয়ার কোন সুযোগ না থাকে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে কঠোর ভাবে নজর রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মর্মসিংহ ত্রিপুরা, টাইমটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ, শাহরাস্তি পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মনির হোসেন হাওলাদার সভাপতিত্বে- বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও ডোনার সদস্য আসাদুজ্জামান ভূঁইয়া সুমনের সঞ্চালনায় ফুটবল খেলা দেখতে এলাকার বিভিন্ন গ্রামের এবং উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠে চারপাশে বসে করতালি দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান আগত দর্শকরা।