প্রবাস মেলা ডেস্ক: পাবনার কৃতী সন্তান মাসুম আজিজের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার সকালে তার মরদেহ সেখানে রাখা হয়।
বনশ্রীতে সকাল ৯টায় প্রথম জানাজা শেষে বেলা ১১ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন তিনি। প্রবীণ এ অভিনয় শিল্পীকে এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়ার কথা।
সেখানে ২য় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর নিয়ে যাওয়া হবে পাবনা। সেখানে বাদ এশা দাফন সম্পন্ন হলে নিজ জন্মস্থান পাবনার নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন গুণী এ শিল্পী। দেশবরেণ্য খ্যাতিমান এ অভিনেতা বেশ কয়েক বছর ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন।
কিন্তু গত জানুয়ারিতে তার এই রোগ ধরা পড়ে। এরপর কেমোথেরাপি ও রেডিও থেরাপি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ক্যানসারের পাশাপাশি হৃদ্রোগে আক্রান্ত এ গুণী শিল্পী লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।