জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, লন্ডনের মেনর পার্কের মেথডিস্ট কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো শরিয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৪-২০২৬) এর অভিষেক। এ উপলক্ষে আয়োজন করা হয় জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের এওয়ার্ড বিতরণ এবং এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানটি সংগঠনের সভাপতি আক্তার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ রাজু বাবুলের প্রাণবন্ত উপস্থাপনায় দুই পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্ব শুরু হয় দেলোয়ার হোসেন হাওলাদারের কোরআন তিলাওয়াত ও সুশান্ত ঘোষের গীতা পাঠের মাধ্যমে। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকিং ও ডেগেনহামের মেয়র মইন কাদ্রি। সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা রাফিকুল্লাহ মুন্সি নতুন কার্যকরী কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরিচয় করিয়ে দেন। পরে, সভাপতি আক্তার হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আহমেদ রাজু বাবুল নতুন উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সভাপতি হাকিম শিকদার ও সফিকুল ইসলাম কুন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সুমন দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুয়ারা মনোয়ার, কোষাধ্যক্ষ আলম সিকদারসহ আরও অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুজিবর রহমান ও রহিমা রহমান (চেয়ার অফ নিউহ্যাম ফাস্ট সিটিজেন), শিল্পপতি আসাদুজ্জামান সিকদারসহ বিশিষ্ট ব্যক্তিরা।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান এবং উপস্থাপিকা সুমনা সুমির পরিচালনায় সঙ্গীত ও নৃত্যের এক অনবদ্য পরিবেশনা উপস্থাপন করা হয়। মঞ্চ কাঁপানো সঙ্গীত ও নৃত্যে শরিয়তপুরবাসী এক অনন্য সন্ধ্যা উপভোগ করেন। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই আয়োজন শরিয়তপুরবাসীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করেছে এবং এক মনোমুগ্ধকর স্মৃতি উপহার দিয়েছে।