প্রবাস মেলা ডেস্ক: গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক শফিক তুহিন। ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ বছর তার গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘এর বেশি ভালোবাসা যায় না’-এর সিক্যুয়াল প্রকাশ করেছেন। গানটির নাম রাখা হয়েছে ‘ভালোবাসি বড় ভালোবাসি’। গানটির কথা-সুর রচনা করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন আলভী। মিউজিক ভিডিও পরিচালনা করেছন চন্দন রয় চৌধুরী। গানটিতে মডেল হয়েছেন আসিফ খান ও আনিকা হায়াত।
গানটি নিয়ে শফিক তুহিন জানান, ১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করেছিলেন। গানটি এখনো সমান জনপ্রিয়। সে সময় যাদের বয়স ছিল ২০ তাদের এখন ৩৩, যাদের ছিল ৩০ তাদের ৪৩। তাই এই গানটির যেন আবারও সবার হৃদয়ে নাড়া দিয়ে যায়, সে কারণে গানটি করা। তাছাড়া শ্রোতাদেরও অনুরোধ ছিল গানটির সিক্যুয়াল করার ব্যাপারে। গানটির পুরোটাই নতুন, কেবল ‘ভালোবাসি বড় ভালোবাসি’ লাইনটি ছাড়া। আমার বিশ্বাস আবার সবাই গানটি শুনে নস্টালজিক হবেন। ফিরে যাবেন ১৩ বছর আগে। অথবা নতুন প্রেমিক যুগল ভালোবাসায় ভাসবে গানটির মাধ্যমে।