ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননের ডিটেনশন সেন্টারে আটক বন্দী প্রবাসীদের মাঝে বাংলাদেশি খাবার ও ইফতার বিতরণ করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। গত ৮ মে, ২০২০ শুক্রবার লেবাননের জেল কোড মেনে এ খাবার বিতরণ করা হয়। দূতাবাস সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে বাংলাদেশ দূতাবাস আটককৃতদের মাঝে খাবার বিতরণ করে থাকে, এরই ধারাবাহিকতায় দূতাবাস বন্দী প্রবাসীদের মাঝে এই খাবার বিতরণ করেন।খাবারের মধ্যে ছিল পানি, বাংলাদেশি মুড়ি, চানাচুর, খেজুর, ড্রাই কেক সহ আরো বেশ কিছু শুকনো খাবার। দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন লক ডাউন থাকায় বন্দী প্রবাসীরাও কঠিন সময় পার করছে। অনেকের আত্বীয়-স্বজন বন্ধু-বান্ধব থাকলেও করোনাভাইরাস সংক্রমণ এবং লকডাউন এর কারণে দেখা করা সম্ভব হচ্ছেনা।

জেলখানায় বন্দীদের সপ্তাহে ২/৩দিন দেখার সুযোগে নিকটতম আত্মীয় স্বজনরা কিছু খাবার দিতে পারলেও বর্তমানে জেলখানায় বাহিরে কোন খাবার পাচ্ছেনা এসকল বন্দী প্রবাসীরা। তাদের এ সকল বিষয় বিবেচনা করে বৈরুত বাংলাদেশ দূতাবাস প্রতি সপ্তাহে জেল কোড মেনে তাদের খাবার দেয়া হয়। তারই অংশ হিসেবে পবিত্র মাহে রমজান মাসের ইফতার সামগ্রী হিসাবে এমন সব খাবার দেয়া হয়েছে। এছাড়াও তিনি আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে। বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে ডিটনশন বন্দীদের ফিরত নিচ্ছেন আর লেবাননে ডিটেনশন সেন্টারে আটককৃতদের সরকারি খরচে বা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরিয়ে নিতে মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।