প্রবাস মেলা ডেস্ক: প্রতিবছরই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটিতে জমকালো আয়োজন করার চেষ্টা করা হয়। যার ব্যতিক্রম এবারও হবে না। বরং এ বছরের আনন্দমেলা হতে যাচ্ছে সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। আর সেখানে অংশ নিতে পাড়ি জমাবেন বাংলার সুপারস্টাররা। এবার প্রবাসী আমেরিকানদের নেচে-গেয়ে আনন্দের সাগরে ভাসাবেন শিল্পীরা। অনুষ্ঠানের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী ১৭ ও ১৮ জুন অনুষ্ঠিত হবে ‘আনন্দমেলা’।
অনুষ্ঠানটির আয়োজক মুহাম্মদ আলী জানান, এবারের আনন্দমেলায় থাকবে একঝাঁক তারকা। যাদের মধ্যে রয়েছেন কুমার বিশ্বজিৎ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও সাজু খাদেম। আরও রয়েছেন আনিকা কবির শখ, নিরব হোসেন, মামনুন ইমন, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরিন, রুবিনা রেজা জুঁই, সামিরা খান মাহি, কেয়া পায়েল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নীল হুরে জাহান।
মুহাম্মদ আলী বলেন, এ আয়োজন মূলত অলাভজনক। প্রতিবছর অ্যাঞ্জেলেসের বাঙালিরা অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। এ অনুষ্ঠান বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। তারকাদের উপস্থিতি এ মিলনমেলায় এক নতুনমাত্রা পাবে বলে মনে করছেন তিনি।