প্রবাস মেলা ডেস্ক: ১১ ডিসেম্বর ২০২১, শনিবার প্রবাস মেলা অফিস পরিদর্শন করেন লন্ডন প্রবাসী আবু তাহের গিয়াস উদ্দিন খিজির ও যুক্তরাষ্ট্র প্রবাসী সিকদার গিয়াসউদ্দিন। এসময় তারা প্রবাস মেলা’র কলা-কুশীলবের সাথে তাদের দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনার শেষে তাদের হাতে পত্রিকার সৌজন্য কপি তুলে দেয়া হয়।
উল্লেখ্য, আবু তাহের গিয়াস উদ্দিন খিজির প্রায় ৪৫ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র ছিলেন। সেখান থেকে তিনি পরিসংখ্যান বিষয়ে ডিগ্রি নেয়ার পর ১৯৭৬ সালে উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। সেখানকার নর্থ লন্ডন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে কম্পিউটার সায়েন্স এ ডিগ্রি অর্জন করেন। সেই থেকে তিনি লন্ডনে বসবাস করছেন। তিনি ভারতের দেরাদুনে ট্রেনিংপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তিনি ঢাকার কেরানীগঞ্জে বিএলএফ এর ডেপুটি কমান্ডার হিসেবে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলার সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সেন্ট্রাল কো-অর্ডিনেটর, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই); কনভেনর, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ইউ.কে; প্রেসিডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন, ইউ.কে এর দায়িত্ব পালন করছেন।
অপরদিকে বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি লেখক ও কলামিস্ট সিকদার গিয়াসউদ্দিন ১৯৮১ সাল থেকে প্রবাস জীবন-যাপন করছেন। তিনি মনেপ্রাণে একজন বাঙালি। প্রবাসে থাকলেও দেশের ভাবনা তাকে তাড়িয়ে বেড়ায়। তার ক্ষুরধার লেখনিতে উঠে আসে দেশে-প্রবাসে বসবাসরত বাঙালির সমস্যা-সম্ভাবনার কথা সর্বোাপরি বাঙালির স্বাধীনতা অর্জনের সংগ্রামের কথা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নেভাদা, লাসভেগাসে বসবাস করছেন। সাবেক ছাত্রনেতা, প্রবাসের প্রিয়মুখ সিকদার গিয়াসউদ্দিন- কমিটি ফর ডেমোক্রেসী ইন বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের সাবেক সদস্য সচিব, কর্ণেল তাহের স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক, কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও বর্তমানে বিশ্বব্যাপী প্রবাসীদের নিয়ে গঠিত সর্ববৃহৎ সংগঠন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই) এর সেন্ট্রাল কো-অর্ডিনেটর হিসেবে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।