প্রবাস মেলা ডেস্ক: ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ইতোমধ্যে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানাচ্ছে যে, ফ্লাইট BG306 (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ইতালির রোম ফিউমিচিনো (FCO) বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।
ত্রুটি সম্পূর্ণরূপে নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই উড়োজাহাজে পরিচালিত হওয়ায় ঢাকা–রোম–টরন্টো রুটের BG305 ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে। এ ছাড়া রোমে অবস্থানরত BG306 এর যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, BG305 ফ্লাইটটির নতুন প্রস্থানের সময় শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা নির্ধারণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া BG306 ফ্লাইটের হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের ধৈর্য, সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।