প্রবাস মেলা ডেস্ক: সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ সিনেমা নির্মাণ করেছিলেন চিত্রনায়িকা রোজিনা। নিরব-স্পর্শিয়াকে নিয়ে শেষ হয়েছিল সিনেমার কাজ। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন রোজিনা। ‘ফিরে দেখা’ সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। কয়েক মাস আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে ‘ফিরে দেখা’।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রোজিনা নিজেই। তিনি বলেন, ‘ফিরে দেখা’ মুক্তিযুদ্ধের সিনেমা। ‘ফিরে দেখা’ আমার স্বপ্নের সিনেমা। আমার অনেক ভালোবাসার একটি সিনেমা। তিনি আরও বলেন, ১৬ জুন চূড়ান্ত করেছি ফিরে দেখা সিনেমার মুক্তির জন্য। আশা করছি দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সবার ভালোবাসা প্রত্যাশা করছি।
২০১৯-২০ অর্থবছরে অনুদান পেয়েছিল ‘ফিরে দেখা’। মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে এ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।