প্রবাস মেলা ডেস্ক: রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হয়েছে। রেইনবো সোসাইটি আয়োজিত ২৮ মে পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড রোডের জেনেসিস সিনেমা হলে এই উৎসব উদ্বোধন হয়। চলবে ৪ জুন পর্যন্ত। এবার এ উৎসবে বাংলাদেশের পাঁচটি সিনেমা প্রদর্শিত হবে। সিনেমাগুলো হলো- বিউটি সার্কাস, সাঁতাও, দামাল, পাপপূণ্য ও জেকে-১৯৭১।
বাংলাদেশ ছাড়াও এই উৎসবে ভারত, ইরান, পাকিস্তান, কাজাকিস্তান, চীনসহ বিভিন্ন দেশের মোট ৪৫টি সিনেমা দেখানো হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে কলকাতার বাংলা ছায়াছবি ‘বেঁচে থাকার গান‘।
আগামী ২৯ মে বাংলাদেশের ‘বিউটি সার্কাস’, ৩০ মে ‘সাঁতাও’, ৩১ মে ‘দামাল’, ৩ জুন ‘পাপপূণ্য ও সমাপনী দিনে ইলফোর্ডের ক্যানেথ মোর থিয়েটারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছায়াছবি ‘জেকে ১৯৭১’ প্রদর্শিত হবে।
আগামী ৪ জুন উৎসবের সমাপনী দিনে ইলফোর্ডের কেনেথ মোর থিয়েটারে বিকাল তিনটায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত সিনেমার ওপর পুরস্কার দেওয়া হবে।
বেস্ট ফিল্ম ফিচার, বেস্ট ফিল্ম ডকুমেন্টারি, বেস্ট ডিরেক্টর, বেস্ট ফিল্ম ফর হিউমেনিটি, স্পেশাল জুরি মেনশন, বেস্ট ডিরেক্টর (স্বল্প দৈর্ঘ্য), বেস্ট স্টোরি (স্বল্প দৈর্ঘ্য) ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার।
বিজয়ীদের মনোনীত করবে জুরি বোর্ড। এবারের উৎসবে জুরি বোর্ডে আছেন রবার্ট ফিলিপস, জয়শ্রী কবীর, পুলক গুপ্ত, সৈয়দ আনাস পাশা, ড. জাকি রেজোয়ানা, সাদেক আহমেদ চৌধুরী, সৈয়দ মুকিব আহমেদ ও নাদিয়া আলী।
উৎসবে শুধু নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ওমেন ইন ফিল্ম’ কর্মশালা। ৩ জুন দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, পরিচালনা এবং সম্পাদনাসহ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে।