প্রবাস মেলা ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বেলজিয়ামসহ কয়েকটি দেশের নয়টি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তি। রাশিয়ার সামরিক বাহিনী ও ইউক্রেন আক্রমণে সহযোগিতাকারী হিসেবে এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্ট। অর্থ বিভাগের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) জানিয়েছে বেলজিয়ামভিত্তিক হ্যান্স দে গিতিরের নেতৃত্বে পরিচালিত নেটওয়ার্কটি এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু। এ নেটওয়ার্কের নয়টি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তি রাশিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, সুইডেন, হংকং এবং নেদারল্যান্ডস জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের বিরুদ্ধে রাশিয়ার জন্য সামরিক সরঞ্জাম সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
একইসঙ্গে হ্যান্স দে গিতিরের বিরুদ্ধে দুটি অভিযোগ গঠন করা হয়েছে মার্কিন বিচার বিভাগে। সেই সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
নতুন এ নিষেধাজ্ঞার কারণে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের যেকোন ব্যক্তি বা সংস্থার সঙ্গে তাদের ব্যবসা করার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।