প্রেস বিজ্ঞপ্তি: “নাটক হোক সুস্থ সমাজের দর্পণ”—এই স্লোগানকে সামনে রেখে ৫ এপ্রিল রোববার রাতে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে বিশিষ্ট মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী জেরিন খান রত্নাকে গার্ডেন রেস্টুরেন্টে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটুর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মসীঈ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আরামবাগ থিয়েটারের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী জেরিন খান রত্না।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি চর্চার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশ, নাট্যকার আজহারুল হক মিজান, কামরুজ্জামান, মির্জা কামাল, রুবিনা সুলতানা, নুসরাত জাহান রিতা, ওবায়দুল্লাহ আকন্দ ভুবনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি চর্চা করতে অনেক কষ্ট হয়। নিজেদের পকেটের অর্থ দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকারের আন্তরিক সহযোগিতা ও আর্থিক সহায়তা কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে। রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসের মাটিতে দর্শকের উপস্থিতিতে ১২টি নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছে।
প্রতিটি নাটক প্রবাসীদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছে। আগামীতেও দেশীয় সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাবে রিয়াদ বাংলাদেশ থিয়েটার।
অনুষ্ঠানস্থলে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় রচিত স্মৃতি সমাহার বইটি অভিনেত্রী জেরিন খান রত্নার হাতে তুলে দেওয়া হয়।